ফ্রান্সের সিনেটরদের সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে এবং দুই দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বিস্তারে প্রতিশ্রুতি দেখিয়েছেন উভয় পক্ষ। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্রান্সের তিন সিনেটরের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমন আলোচনা করেন। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূতও উপস্থিত ছিলেন।
ফরাসি সিনেটরদের আন্তরিক অভ্যর্থনা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফরাসি সিনেটের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও ঘনিষ্ঠ হওয়া জরুরি। এ ক্ষেত্রে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) প্ল্যাটফর্ম কাজে লাগিয়ে দুই দেশের আইনসভার সদস্যদের মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন পথ খুলতে তিনি গুরুত্বারোপ করেন।
অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে ফ্রান্সে বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখী করার প্রয়োজনীয়তা তুলে ধরেন শামা ওবায়েদ ইসলাম। ওষুধ, চামড়া, সিরামিক ও পাটজাত দ্রব্যসহ নতুন নতুন খাতে রপ্তানি সম্প্রসারণের আগ্রহ জানিয়ে তিনি এসব খাতে ফরাসি বিনিয়োগকারীদের বাংলাদেশে এগিয়ে আসার আমন্ত্রণ জানান। একই সঙ্গে গণতান্ত্রিক উত্তরণ ও আর্থসামাজিক অগ্রগতিতে ফ্রান্সের অব্যাহত সহায়তার ভূয়সী প্রশংসা করে বাণিজ্য-বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি এবং অভিবাসন ও শ্রমিকদের চলাচলের মতো ক্ষেত্রে সহযোগিতার নতুন সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা বাড়াতে কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রমে যৌথভাবে কাজ করার বিষয়ে দুই পক্ষ একমত হয়। শ্রম অভিবাসনকে বৈধ ও নিয়মতান্ত্রিক পথে আরও সম্প্রসারণের ওপর বিশেষ জোর দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ধারণা করা হচ্ছে, এ বৈঠক ভবিষ্যতে দুই দেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও সংসদীয় সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

