সাতকানিয়ায় বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৬:৪৭ এএম
সাতকানিয়ায় বাসচাপায় স্কুলছাত্রীর মৃত্যু, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় দূরপাল্লার বাসের চাকায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঈশা দাশ (১০) প্রাণ হারিয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ছাত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেন, যাতে প্রায় দুই ঘণ্টা রুদ্ধ থাকে যান চলাচল।

নিহত ঈশা উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। ছদাহা কেয়াফাত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করত সে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুপুরে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দূরপাল্লার বাস ঈশাকে নিচে পিষে ফেলে। মারাত্মক আহত অবস্থায় তাকে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে, ছাত্রীর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ামাত্র ক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এতে মহাসড়কের উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। প্রায় দুই ঘণ্টা পর পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্‌উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...