সাতকানিয়ায় বাসচাপায় স্কুলছাত্রী ঈশার মৃত্যু, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

প্রাইম বার্তা অনলাইন
১৪ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৬ এএম
সাতকানিয়ায় বাসচাপায় স্কুলছাত্রী ঈশার মৃত্যু, দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের সাতকানিয়ায় দূরপাল্লার একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রী ঈশা দাশ (১০) প্রাণ হারিয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাতটার সময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ঈশা সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। ছদাহা কেয়াফাত উল্লাহ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ালেখা করত সে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, দুর্ঘটনার পর আহত অবস্থায় প্রথমে তাকে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, তবে চিকিৎসকদের চেষ্টাতেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ছাত্রীর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকাবাসী ও তার সহপাঠীরা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। এতে মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজট সৃষ্টি হয় এবং প্রায় দুই ঘণ্টা সেখানে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ্ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার পর বাসচালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...