চালক-শ্রমিকদের সুস্থতায় সায়েদাবাদে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
রাজধানীর সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও চালকদের জন্য দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) টার্মিনাল ভবনে আয়োজিত এ ক্যাম্পে অংশ নেওয়া শ্রমিকদের নানা ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসকের পরামর্শ দেওয়া হয়। সেন্টার ফর ওয়ার্ক অ্যান্ড অকুপেশনাল হেলথ সেফটি ফাউন্ডেশন ও সায়েদাবাদ টার্মিনাল মালিক সমিতির যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
ক্যাম্পে ইসিজি, রক্তে গ্লুকোজ বা ডায়াবেটিস এবং রক্তচাপ পরীক্ষা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। পরীক্ষার ফলাফল দেখে প্রতিটি রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শও দেওয়া হয়। এবারের সেবা কার্যক্রমে কুমিল্লা জোনের পরিবহন শ্রমিকদের অগ্রাধিকার দেওয়া হয়। ভবিষ্যতে চট্টগ্রামের পাশাপাশি অন্যান্য জোনের শ্রমিকদের জন্যও এমন চিকিৎসা সেবা বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘ সময় রাস্তায় অতিবাহিত হওয়ায় চালকরা কর্মপরিবেশজনিত বহু স্বাস্থ্যঝুঁকির মধ্যে দিয়ে দায়িত্ব পালন করেন। তাদের শারীরিক সুস্থতা সড়ক নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাই চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক চিকিৎসা পরামর্শ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
সংগঠকদের আশা, এ ধরনের প্রয়াসে পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বাড়বে এবং অসুস্থ বা ঝুঁকিপূর্ণ অবস্থায় গাড়ি চালানোর প্রবণতা হ্রাস পাবে। এর ফলে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সড়কে দুর্ঘটনা কমানোর ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আসবে।

