কদমতলীতে ডিএসসিসির বৃক্ষরোপণ কর্মসূচি, বিবেচনায় ১৩০ কোটির প্রকল্প
রাজধানীর কদমতলী এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের জাপানি বাজার জিয়া সরণি খালের পাড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। একই আয়োজনে মাদক নির্মূল, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট ও ড্রেন সংস্কার এবং নাগরিকদের বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রশাসক জানান, ডিএসসিসির সঙ্গে নতুন অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের মধ্যে ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নম্বর ওয়ার্ডের অবকাঠামোগত সমস্যা দূর করতে ১৩০ কোটি টাকার একটি প্রকল্প সরকারের বিবেচনাধীন রয়েছে। অনুমোদন পাওয়ার পরই এর কাজ শুরু হবে। তিনি জানান, ড্রেনের দুপাশে জায়গা রেখে পাড় নির্মাণ করা হবে, যাতে মানুষ চলাচল করতে পারেন এবং ভবিষ্যতে ড্রেন দখলের কোনো সুযোগ না থাকে।
মো. আবদুস সালাম বলেন, এলাকার সমস্যা সমাধানে সরকার ও প্রশাসন যতটা দায়িত্ব পালন করবে, নাগরিকদেরও ততটা দায়িত্ব নিতে হবে। খাল-ড্রেন পরিষ্কারের পর আবার সেখানে ময়লা ফেলায় কোনো লাভ হবে না উল্লেখ করে তিনি দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে বিনা অনুমতিতে দোকানপাট না বসানোর আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনকে সহযোগিতা করার পাশাপাশি ডেঙ্গু ঠেকাতে কোথাও পানি জমতে না দেওয়া ও নিয়মিত পরিচ্ছন্নতায় অংশ নেওয়ার নির্দেশ দেন তিনি।
সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে ব্যাপক বৃক্ষরোপণের ওপর জোর দেন প্রশাসক। তিনি স্মরণ করিয়ে দেন, গাছ লাগানোর পাশাপাশি রোপণকৃত গাছের যত্ন ও সংরক্ষণও সমান গুরুত্বপূর্ণ। প্রশাসকের প্রত্যাশা, প্রকল্পটি অনুমোদন পেলে এসব ওয়ার্ডের নাগরিক সেবার মান উন্নত হবে এবং নগরের পরিবেশও সুরক্ষিত থাকবে।

