ডেঙ্গু ঠেকাতে চসিকের সব প্রতিষ্ঠানে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান
ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়ার মতো মৌসুমি রোগের বিস্তার রোধে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের অধীন সব প্রতিষ্ঠানে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চসিকের ভারপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ নির্দেশনা পাঠানো হয়।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আশপাশের পরিবেশ পরিষ্কার, স্বাস্থ্যসম্মত ও রোগবালাইমুক্ত রাখা প্রত্যেক নাগরিকের নৈতিক কর্তব্য। চসিকের পক্ষ থেকে বলা হয়, ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ — এই মূলনীতিকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার বিকল্প নেই। বর্ষা ও মৌসুমি রোগের ঝুঁকি কমাতেই প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার রাখতে শনিবারে এ বিশেষ অভিযানের আয়োজন করা হলো।
এই অভিযানের আওতায় রয়েছে চসিকের অধীন প্রতিষ্ঠান, হাসপাতাল, ইনস্টিটিউট, মিডওয়াইফারি কেন্দ্র, নগর স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও টিকাদান কেন্দ্র। সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সব জোনাল মেডিকেল অফিসার, ইনচার্জ, অধ্যক্ষ ও মেডিকেল কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
চসিকের স্বাস্থ্য বিভাগ জানায়, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম চলছে। বর্ষা মৌসুমে রোগ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যাওয়ায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

