চট্টগ্রামে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫২৪ গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২:৪৫ পিএম
চট্টগ্রামে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ৫২৪ গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক

চট্টগ্রাম রেঞ্জ জুড়ে ২৪ ঘণ্টা ব্যাপী চালানো বিশেষ অভিযানে ৫২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে ইয়াবা, গাঁজা ও মদসহ প্রচুর পরিমাণে মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়।

গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত তথ্য দিয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ৫২৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ১১৭ জন, পূর্ববর্তী মামলায় ৭৩ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩৬ জন রয়েছেন। এর বাইরে নানা মামলায় জারিকৃত পরোয়ানায় ১১২ জন এবং সাজা পরোয়ানামূলে ১১ জনকে আটক করা হয়েছে।

মাদকবিরোধী পর্বে আটক হয়েছেন ১৩৮ জন। এদের মধ্যে নিয়মিত ও অন্যান্য মামলায় ৫১ জন মাদক কারবারি, দুজন বহনকারী এবং ১৩৬ জন মাদকসেবী রয়েছেন। এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৭ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ৯ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড আদায় হয়েছে। উদ্ধারকৃত মাদককে কেন্দ্র করে ৩৭টি মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে জব্দকৃত মাদকের তালিকায় রয়েছে ৬২ হাজার ৯৩২ পিস ইয়াবা, ৩৪ কেজি ৩১৪ গ্রাম গাঁজা, ৭২ বোতল বিদেশি মদ, ১০ লিটার চোলাই মদ, তিন বোতল বিয়ার, ২৫ বোতল স্কাফ সিরাপ এবং ১০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনগণের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় পরিচালিত এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও চলমান থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...