স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ২:০৮ পিএম
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা লাগবে না: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুকদের কোনো শিক্ষাগত যোগ্যতা দেখাতে হবে না। একই সঙ্গে প্রার্থীদের বয়সসীমা নিয়েও কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এমন মন্তব্য করেন।

সচিবালয়ে যাওয়ার আগে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, গত কয়েকদিন ধরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়েছে। কিন্তু স্থানীয় সরকার সংক্রান্ত পাঁচটি আইনের কোনোটিতেই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার শর্ত রাখা হয়নি বলে তিনি স্পষ্ট করেন। আগামী নির্বাচনে প্রার্থী হতে ইচ্ছুকদের এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

তাঁর ভাষায়, ইউপি সদস্য, ইউপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর—এসব পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন হবে না। এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সংসদ সদস্যদের ক্ষেত্রেও এমন কোনো শর্ত নেই। তিনি বলেন, নিজে এমপি হয়েছেন, কিন্তু ফর্মে শিক্ষাগত যোগ্যতা দেখানোর প্রয়োজন হয়নি। সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকারের পাঁচটি আইনেও জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার ক্ষেত্রে এই বাধ্যবাধকতা রাখা হয়নি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...