ভিড়ে জমে উঠছে ইসলামি বইমেলা, প্রচারের ঘাটতিতে আক্ষেপ প্রকাশকদের

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০ এএম
ভিড়ে জমে উঠছে ইসলামি বইমেলা, প্রচারের ঘাটতিতে আক্ষেপ প্রকাশকদের

ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বর জুড়ে শনিবার শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। প্রথম দিন থেকেই স্টলে স্টলে পাঠক-ক্রেতাদের উপচে পড়া ভিড়—কেউ বইয়ের পাতা উল্টাচ্ছেন, কেউ জানতে চাইছেন দাম, পছন্দ হলেই সঙ্গে সঙ্গে সংগ্রহ করে নিচ্ছেন। তবে এই সাড়ার মাঝেই প্রকাশকদের অভিযোগ, মেলার খবর সাধারণ পাঠকের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না।

কাজের সূত্রে ঢাকায় এসেছিলেন ফেনীর সুলতানুল উলুম আবেদীয়া মাদরাসার শিক্ষক বিএম শরিফুল ইসলাম। বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা শুরু হয়েছে জেনেই আর দেরি করেননি তিনি। ব্যস্ততার ফাঁকে ছুটে গিয়ে এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে দেখেন পছন্দের বই, জেনে নেন দাম, শেষমেশ কয়েক হাজার টাকার বই কিনে ফেরেন। শরিফুলের মতো সারা বছর এই মেলার প্রতীক্ষায় থাকা পাঠকের অভাব নেই।

অথই অপেক্ষার কারণ বোঝা যায় মেলার বৈচিত্র্যে। এক জায়গায় একসঙ্গে মিলছে বিপুল সংখ্যক ইসলামি বই, নানা বিষয়ের সমাহার আর বিশেষ ছাড়ের সুযোগ, যা সাধারণ বইমেলায় সহজে পাওয়া যায় না। কারও খোঁজ কোরআন-হাদিসের বই, কারও পছন্দ সিরাত কিংবা ইসলামি ইতিহাস ও গবেষণাধর্মী রচনা। শিশুদের জন্য বই খুঁজছেন অভিভাবকেরাও। পরিবার নিয়ে আসা পাঠক থেকে একা আসা তরুণ—সব বয়সীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠছে মেলার পরিবেশ। বই কেনাবেচার পাশাপাশি প্রবেশপথ ও মেলা এলাকাজুড়ে চোখে পড়ছে নিরাপত্তাকর্মীদের বাড়তি তৎপরতা।

তবে সম্ভাবনাময় এই আয়োজন ঘিরে স্বস্তির বদলে আক্ষেপ প্রকাশকদের। তাঁদের বক্তব্য, প্রচার কাঙ্ক্ষিত মাত্রায় না হওয়ায় অনেক আগ্রহী পাঠকই মেলার খবর জানতে পারছেন না। প্রচারণা বাড়ানো গেলে দেশের অন্যতম বড় এই ইসলামি বইমেলা আরও জমজমাট হবে বলে মনে করছেন তাঁরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...