বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা শুরু, পাঠকের ভিড় বাড়লেও প্রচারে আক্ষেপ প্রকাশকদের

প্রাইম বার্তা অনলাইন
১৩ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪৮ এএম
বায়তুল মোকাররমে ইসলামি বইমেলা শুরু, পাঠকের ভিড় বাড়লেও প্রচারে আক্ষেপ প্রকাশকদের

শনিবার থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বর জুড়ে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামি বইমেলা। উদ্বোধনের প্রথম দিন থেকেই পাঠক ও ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতো। স্টলে স্টলে ঘুরে কেউ পছন্দের বই খুঁজছেন, কেউ পাতা উল্টে দেখে দাম জেনে নিচ্ছেন; পছন্দ হলেই সঙ্গে সঙ্গে বই সংগ্রহ করছেন তারা।

কাজের জন্য ঢাকায় এসেছিলেন ফেনীর সুলতানুল উলুম আবেদীয়া মাদরাসার শিক্ষক বিএম শরিফুল ইসলাম। মেলার খবর পেয়ে ব্যস্ততার মধ্যেও আর দেরি করেননি তিনি। এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে পছন্দমতো বই দেখেন, দাম জানেন এবং শেষমেশ কয়েক হাজার টাকার বই কিনে ফেরেন। শরিফুলের মতো সারা বছর এই মেলার প্রতীক্ষায় থাকেন বহু পাঠক। কারণ এক জায়গায় মিলে যায় বিপুল সংখ্যক ইসলামি বইয়ের সমাহার, বিষয়ভিত্তিক বৈচিত্র্য আর বিশেষ ছাড়ের সুযোগ, যা সাধারণ বইমেলায় সহজে পাওয়া যায় না।

তবে পাঠকদের এই আগ্রহের মধ্যেও আক্ষেপ কম নয় প্রকাশকদের। তাদের অভিযোগ, মেলার খবর সাধারণ মানুষের কাছে সেভাবে পৌঁছাচ্ছে না। প্রচার আরও জোরদার করা গেলে দেশের অন্যতম বড় এই ইসলামি বইমেলা আরও জমে উঠতে পারে বলে মনে করেন তারা।

বই কেনাবেচার পাশাপাশি মেলাচত্বরে ছিল বাড়তি নিরাপত্তা—বিভিন্ন প্রবেশপথ ও মেলা এলাকায় দেখা গেছে নিরাপত্তাকর্মীদের তৎপরতা। পরিবার নিয়ে আসা পাঠক থেকে একা বই কিনতে আসা তরুণ, সব বয়সী মানুষের আনাগোনায় ধীরে ধীরে প্রাণবন্ত হচ্ছে মেলার আবহ। কারও হাতে একাধিক বইয়ের ব্যাগ; কেউ খুঁজছেন কোরআন-হাদিস, কেউ সিরাত, কেউবা ইসলামি ইতিহাস ও গবেষণাধর্মী বই। শিশুদের জন্যও বই খুঁজছেন অভিভাবকেরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...