ডেঙ্গু প্রতিরোধ দিবসে ডিএনসিসির ব্যাপক অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উদযাপনকে ঘিরে রাজধানীর উত্তরাঞ্চলে এডিস মশার লার্ভা ধ্বংসে দিনভর বিশেষ ড্রাইভ পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার (১২ সেপ্টেম্বর) এই অভিযান চলাকালে বিমানবন্দর এলাকার একটি দোকানে ডেঙ্গুবাহী মশার লার্ভা শনাক্ত হলে সেই দোকানিকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
করপোরেশনের একাধিক ওয়ার্ডজুড়ে এই ড্রাইভ পরিচালিত হয়। এর মধ্যে মানিক মিয়া এভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরী পাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁও অন্তর্ভুক্ত। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে মোট ২৪টি দল সারাদিন মাঠে কাজ করে। মশক নিয়ন্ত্রণ কর্মীসহ প্রায় এক হাজার ৫০০ জন কর্মীকে এই কার্যক্রমে নিয়োজিত করা হয়।
লার্ভা নিধনের পাশাপাশি নগরবাসীর মধ্যে সচেতনতা সৃষ্টিতে মাইকিং, নোবালিউরন ট্যাবলেট প্রয়োগ এবং লিফলেট বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনার আয়োজন করা হয়।
ডিএনসিসির বক্তব্য, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়, নাগরিকদের সচেতনতাও সমান গুরুত্বপূর্ণ। বাড়ির ভেতরে ও আশপাশে জমে থাকা পানি অপসারণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গুর ঝুঁকি ব্যাপকভাবে কমে আসবে বলে আশা করছে সংস্থাটি।

