মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অবসানে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৭ পিএম
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অবসানে জিরো টলারেন্স: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কিশোর গ্যাং সম্পূর্ণভাবে নির্মূলে দৃঢ় অঙ্গীকার করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এলাকার বছিলা পুলিশ লাইনসে বাসিন্দাদের নিয়ে আয়োজিত আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এমন আশ্বাস দেন।

অনুষ্ঠানে কমিশনার জানান, কিশোর গ্যাং দমনে অভিযান আরও তীব্রতর করা হবে। তার ভাষায়, মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের টিকে থাকার কোনো সুযোগ থাকবে না, এই শব্দটাই আর শোনা যাবে না। মতবিনিময়ে এলাকাবাসী মূলত তিনটি বিষয়—কিশোর গ্যাং, মাদক ও ছিনতাই—নিয়ে গুরুত্ব দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। তবে অধিকাংশ নাগরিকের মতে, আগের চেয়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা ও মাদকের কেনাবেচা কমেছে এবং পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ছিনতাইও বেশ নিয়ন্ত্রণে রয়েছে।

সাম্প্রতিক তিন মাসের তথ্যের সঙ্গে তার আগের তিন মাসের তুলনায় এই তিন খাতেই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে জানিয়ে মোসলেহ উদ্দিন বলেন, শুধু সংখ্যার ভিত্তিতে পরিস্থিতি বিচার করা ঠিক নয়। নাগরিকরা চান এই এলাকায় কোনো ছিনতাই, কিশোর গ্যাং বা মাদক না থাকুক—পুলিশও সেই লক্ষ্যেই কাজ করছে। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স জানিয়ে তিনি বলেন, পুলিশের একা চেষ্টায় এসব সমস্যার সমাধান সম্ভব নয়, এজন্য জনসাধারণের সহযোগিতা দরকার। জনতার প্রতিরোধই সবচেয়ে বড় শক্তি, যার উদাহরণ বাংলাদেশসহ সারা পৃথিবীতে রয়েছে। মোহাম্মদপুরের বাসিন্দারা পুলিশকে সঙ্গে নিয়ে এলাকাভিত্তিক প্রতিরোধ গড়ে তুললে এখানে মাদক বা কিশোর গ্যাংয়ের জায়গা থাকবে না বলেও তিনি মন্তব্য করেন। তবে প্রচেষ্টায় কিছু ঘাটতি রয়েছে বলে স্বীকারও করেন কমিশনার।

মোহাম্মদপুর থানায় আটটি বিট থাকার কথা তুলে ধরে তিনি জানান, পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তাদের বিট পুলিশিং আরও শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। বিট কর্মকর্তাদের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তাদের জবাবদিহির আওতায় আনার কথাও বলেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...