লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাবে চট্টগ্রামে তিন গুণীকে সংবর্ধনা
চট্টগ্রামের নন্দীরহাটস্থ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমে সমাজের তিন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়েছে। শিবকল্প মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম আবির্ভাব দিবস উদযাপনের অংশ হিসেবে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সেবাশ্রম প্রাঙ্গণে গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। তিন দিনব্যাপী উৎসবের এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পর্ব।
সংবর্ধনা পান আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতিমান প্রবীণ চিকিৎসক ও মানবসেবায় আত্মনিয়োজিত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক ডা. পূর্ণেন্দু বিকাশ (পিবি) রায়; মঠ-মন্দির, অনাথালয়সহ বহু মানবিক প্রতিষ্ঠানের নির্মাতা-সংস্কারক ও চাক্তাই শ্রীশ্রী লোকনাথ ধামের প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী অজয় কৃষ্ণ দাশ মজুমদার; এবং বিশিষ্ট শিক্ষাবিদ, সংগঠক ও সমাজভাবুক—বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন ও দি আরবান কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণ কান্তি চৌধুরী।
‘যে সমাজে গুণীর কদর, সে সমাজ মর্যাদাবান-স্বনির্ভর’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সেবাশ্রমের সভাপতি ডা. স্বপন কুমার চৌধুরী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেবাশ্রমের সাধারণ সম্পাদক অধ্যাপক টিংকু চৌধুরী। বিশেষ শিশু শুভনীল দাশ রিভুর গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা হয় অনুষ্ঠানের। স্বাগত বক্তব্য দেন উৎসব উদযাপন সম্পাদক রিপন দত্ত। সংবর্ধিত অতিথিদের হাতে উত্তরীয় ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়; পরে তাঁরা আবেগভরা বক্তব্য দেন। তিন গুণীর কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে জীবনী পাঠ করেন লায়ন তপন কান্তি দত্ত, দিলীপ চক্রবর্তী ও সুব্রত ভৌমিক।
সংবর্ধিতদের জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক ডিন অধ্যাপক ড. সুদীপ পাল, লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার লায়ন উত্তম দাশ, চাক্তাই লোকনাথ ধামের সহসভাপতি স্বপন সাহা, আদ্যাপীঠ রামকৃষ্ণ সংঘের ট্রাস্টি কাঞ্চন তালুকদার, অধ্যাপক ডা. অলক বিশ্বাস, শিক্ষাবিদ সুভাষ চন্দ্র দাশ, সমাজসেবক প্রণব সাহা বাবলু, সেবাশ্রমের সভাপতি প্রকৌশলী ঝুলন কুমার দাশ ও সহসভাপতি মৃণাল কান্তি। বক্তারা গুণীজনদের সাধনায় সমাজের এগিয়ে চলার বার্তা দিয়ে অনুষ্ঠানের ইতি টানেন।

