যাত্রাবাড়ীতে চাঁদার বিরোধে ব্যবসায়ী খুন: রিমান্ড শেষে ৩ আসামি কারাগারে
রাজধানীর যাত্রাবাড়ীতে দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে অটোরিকশা গ্যারেজ মালিক সাগর খান ওরফে ইমরান (৩৮)-কে গুলি করে হত্যার মামলায় অভিযুক্ত তিনজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। তিনদিনের রিমান্ড মেয়াদ শেষ করে শনিবার (১২ সেপ্টেম্বর) তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। জেলে পাঠানো আসামিরা হলেন—রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মো. কামরুল হাসান (২৫) ও মো. সাইফ হোসেন (২০)। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের হাজতে রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত প্রত্যেককে তিনদিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছিলেন।
মামলার বরাতে জানা যায়, দুই লাখ টাকা চাঁদা চাওয়াকে ঘিরে নিহত ইমরানের সঙ্গে রিয়াজ ও কামরুলের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে মাথায় হেলমেট পরা রিয়াজ, কামরুলসহ কয়েকজন মোটরসাইকেল নিয়ে ইমরানের গ্যারেজে হানা দেয়। তাদের সঙ্গে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগে বলা হয়েছে। গ্যারেজে ঢুকেই হামলাকারীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। একপর্যায়ে রিয়াজ পেছন দিক থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় বাধা দিতে এগিয়ে এলে ইমরানের বন্ধু সাদ্দামকে প্রথমে মারধর করা হয়। ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে রিয়াজ তার বাম পায়ে গুলি চালান এবং বাকিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিশ্চিত করতে মামলাটির তদন্ত অব্যাহত রয়েছে।

