আগামী ৫-৭ দিনেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে: তারেক রহমান

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫০ এএম
আগামী ৫-৭ দিনেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে পারে: তারেক রহমান

জ্বালানি খাতের চলমান সংকট মোকাবিলায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে গ্যাস সরবরাহ এখন ধীরে ধীরে উন্নতির পথে রয়েছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে এই পরিস্থিতি আরও স্বাভাবিক রূপ নেবে বলে তাঁর প্রত্যাশা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে ঢাকা-১৭ আসনের বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা ও মন্দিরের মাঝে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এমন আশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। এ সময় দলের স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

গ্যাস সংকটের পেছনের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশ থেকে আমদানি করা গ্যাস মজুত রাখতে সাগরে দুটি জাহাজ নির্দিষ্ট আছে, যেগুলোর মালিক বিদেশি প্রতিষ্ঠান। এর একটি জাহাজে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে সেই ঘটনার সঠিক কারণ এখনো শনাক্ত হয়নি। ফলে পুরো দায়ভার পড়ে অন্য জাহাজটির ওপর এবং পাইপলাইনে সরবরাহে বিঘ্ন ঘটে। নতুন সরবরাহ নিয়ে তিনি বলেন, ‘এখন আমরা চেষ্টা করছি গ্যাস আনার জন্য। আলহামদুলিল্লাহ গত সপ্তাহ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। হয়তো আরও ৫-৭ দিনের মধ্যে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে ইনশা আল্লাহ।’

তেলের পাশাপাশি গ্যাস খাতেও একটি অসাধু চক্র সক্রিয় আছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, মেশিন বসিয়ে পাইপলাইন থেকে যারা অবৈধভাবে গ্যাস নিয়ে যাচ্ছে, তারা নিজে লাভবান হলেও অন্য দশজনকে কষ্টে ফেলছে। এই অনিয়ম রোধ করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার একা এটা পারবে না। কেউ অবৈধভাবে বিদ্যুৎ, গ্যাস ও তেল নিয়ে গেলে সবাইকে প্রতিরোধ করতে হবে।’

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...