জাতীয় ডেঙ্গু দিবস আজ: ডিএনসিসি এলাকায় বাড়ি বাড়ি অভিযানে ১৫০০ কর্মী

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৬:৩৫ এএম
জাতীয় ডেঙ্গু দিবস আজ: ডিএনসিসি এলাকায় বাড়ি বাড়ি অভিযানে ১৫০০ কর্মী

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন এলাকায় ব্যাপক মশক নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু হচ্ছে শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে। ২৪টি দলে বিভক্ত হয়ে প্রায় ১ হাজার ৫০০ কর্মী বাড়ি বাড়ি পরিদর্শন চালাবেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করবেন এবং নগরবাসীকে সচেতন করার কাজে নামবেন।

দিবসটির কেন্দ্রীয় আয়োজনের অংশ হিসেবে শনিবার সকাল ৯টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে প্রধানমন্ত্রী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সময়ে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগ সেখানে একটি স্টল স্থাপন করেছে, যেখানে নগরবাসীর করণীয় এবং ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও উপকরণ প্রদর্শন করা হবে।

প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলে ডিএনসিসির অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ সোর্স রিডাকশন, প্রজননস্থল ধ্বংস এবং লার্ভানিধন কার্যক্রম পরিচালিত হবে। এ অভিযানে অঞ্চল-২, ৩ ও ৪ থেকে নির্ধারিত সংখ্যক সুপারভাইজার ও মশককর্মীকে সাময়িকভাবে অঞ্চল-৫ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজার আশপাশে নিয়োজিত করা হয়েছে। কেন্দ্রীয় কার্যক্রমে নেই এমন কর্মীরা অবশ্য নিজ নিজ এলাকায় অবস্থান করেই বিশেষ কার্যক্রম চালাবেন।

এছাড়া অঞ্চল-১, ৬, ৭, ৮ ও ৯-সহ ডিএনসিসির বাকি এলাকায়ও জাতীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে বিশেষ মশক নিয়ন্ত্রণ অভিযান পরিচালিত হবে। এসব এলাকায় আগের হটস্পট, চিহ্নিত ঝুঁকিপূর্ণ স্থান এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রাণঘাতী ডেঙ্গুর বিস্তার রোধে এসব নিয়মিত উদ্যোগ কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে বলে প্রত্যাশা করছে করপোরেশন কর্তৃপক্ষ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...