চট্টগ্রামে বাজল রবীন্দ্র-নজরুলের সুরে ‘ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা’

প্রাইম বার্তা অনলাইন
১২ সেপ্টেম্বর ২০২৬ ৪:১৬ এএম
চট্টগ্রামে বাজল রবীন্দ্র-নজরুলের সুরে ‘ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা’

বাঙালির সংগীতচর্চাকে আরও সমৃদ্ধ করতে চট্টগ্রামে শুরু হয়েছে রবীন্দ্র ও নজরুল সংগীত বিষয়ক বিশেষ আয়োজন। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের ব্যবস্থাপনায় ‘ওয়াহিদুল হক সঙ্গীত প্রব্রজ্যা’ নামে এ কর্মশালা দুই দিনব্যাপী চলবে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রথম দিনেই শতাধিক নারী-পুরুষ কর্মশালায় যুক্ত হয়েছেন।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মশালার সূচনা করেন সংগঠনের সভাপতি ও গবেষক ড. মফিদুল হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম বাঙালির চেতনা, সংস্কৃতি ও জীবনযাপনের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের স্বদেশভাবনা ও মানবিকতার আদর্শ অনুসরণ করেই সমাজ গড়ে তুলতে হবে।

উদ্বোধনী পর্বে আরও উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম, চট্টগ্রাম শাখার সহসভাপতি ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও রীতা দত্ত, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য আবু ফারহা পলাশ, মহুয়া মঞ্জরী সুনন্দা ও শারমিন সাথী ইসলাম এবং নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ।

আনুষ্ঠানিক উদ্বোধন শেষে থিয়েটার ইনস্টিটিউটের দুটি মিলনায়তনে সাধারণ ও কিশোর — এই দুই বিভাগে কর্মশালার সেশন শুরু হয়। প্রশিক্ষকের দায়িত্বে রয়েছেন বুলবুল ইসলাম ও মহুয়া মঞ্জরী সুনন্দা। দুই দিনের ব্যাপ্তিতে রবীন্দ্র ও নজরুল সংগীতের নানা দিক নিয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংগীতানুরাগীদের ঢলে চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে আয়োজনটি ঘিরে সৃষ্টি হয়েছে প্রাণবন্ত আবহ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...