প্রবাসী স্বামীর সঙ্গে বিবাদের জের? ভাড়া বাসায় নারীর ঝুলন্ত মরদেহ
চট্টগ্রামের হাটহাজারীতে ইয়াছমিন আক্তার (৩৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, কুমিল্লার দাউদকান্দির প্রবাসী স্বামীর সঙ্গে দাম্পত্য অশান্তির কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বেপারীপাড়া এলাকায় ভাড়া নেওয়া একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইয়াছমিন রাউজান উপজেলার পূর্ব রাউজান কাজীপাড়া এলাকার কবির আহম্মদের মেয়ে। কুমিল্লার দাউদকান্দির প্রবাসী চিসতিয়াকের সঙ্গে তার বিয়ে হয়েছিল। ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় বন্ধ থাকা দরজাটি ভেঙে ভেতরে ঢোকে। সেখানে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ইয়াছমিনের মরদেহ দেখতে পাওয়া যায়।
হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে মরদেহ থানায় আনা হয়েছে। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে বলে জানান তিনি। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মযনাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
মরদেহটি মযনাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মযনাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা গেলে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিশ্চিত হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

