লালবাগে ধার চাইতে গিয়ে খুন, মরদেহ বালিচাপা দিয়ে গুম: গ্রেফতার ১
ধার নেওয়া তিন লাখ টাকা ফেরত না দেওয়ার জেরে সেই পাওনা টাকা চাইতে আসা ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। রাজধানীর লালবাগে শেখ ওয়াসিম রনী (৪৭) নামের ওই ব্যক্তিকে খুন করে মরদেহ বালিচাপা দিয়ে গুম করার ঘটনায় মো. মাসুম (৪৩) নামের একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। লালবাগ থানা পুলিশের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) নিখোঁজ ভাইয়ের খোঁজে লালবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শেখ ওয়াসিম রনীর ভাই। এরপর থানার একাধিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে। এক পর্যায়ে ঘটনার প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত মাসুমকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হয়।
কঠোর জিজ্ঞাসাবাদে রনীকে হত্যার কথা স্বীকার করেন মাসুম। তার দেওয়া তথ্য ও দেখানো স্থানের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর দিনগত রাত ৩টা ৪৫ মিনিটে লালবাগ থানাধীন বিসিদাস স্ট্রিটের একটি ভবনের নিচতলার সংকীর্ণ করিডোর থেকে ভুক্তভোগীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় দেখা যায়, মরদেহের হাত-পা প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা এবং মুখে পলিথিন পেঁচানো ছিল। পুরো দেহটি ছিল বালিচাপা।
উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত মাসুম শেখ ওয়াসিম রনীর কাছ থেকে তিন মাসের জন্য ৩ লাখ টাকা ধার নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত না দেওয়ায় পাওনা অর্থ চাইতে মাসুমের অফিসে যান রনী। সেখানে সহযোগীদের নিয়ে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। পরে ঘটনা ধামাচাপা দিতে অফিস কক্ষের পাশে মরদেহ বালিচাপা দিয়ে গুম করা হয়। এ ঘটনায় লালবাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের খোঁজে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

