বাবা গুম, মা নেই- এসএসসি পরীক্ষার্থী রিফাদের জন্য বই পাঠালেন প্রধানমন্ত্রী
২০১৩ সালের ৪ এপ্রিল গুম হয়ে যান ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম রাশেদ। বাবার মুখ না দেখেই বড় হচ্ছেন তার ছেলে রামীমুল ইসলাম রিফাদ। এবার এসএসসি পরীক্ষার্থী এই কিশোরের পড়ার টেবিলে পৌঁছে গেছে প্রয়োজনীয় বই ও টেস্ট পেপার। শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন বইগুলো রিফাদের বড় ভাই রিমনের হাতে তুলে দেন।
রিফাদের পরীক্ষার জন্য বই ও টেস্ট পেপার দরকার বলে জানা হলে বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা নিতে নিজের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি।
স্বামীর গুমের বিচার চেয়ে ছোটাছুটি করতে গিয়ে মোহাম্মদপুরে ২০২১ সালের নভেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান রিফাদের মা রুমা বেগম। মা চলে যাওয়ার পর সাভারের হেমায়েতপুরে পরিবারের বসতভিটাটিও চলে যায় চাচার দখলে। এক পর্যায়ে চাঁদপুরে খালার কাছে আশ্রয় নিয়ে বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছে রিফাদ।
বই হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ। গুমের শিকার পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সাধ্যমতো কাজ করে যাচ্ছে বলে জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

