গুম বাবার এসএসসি পরীক্ষার্থী ছেলের জন্য বই পাঠালেন প্রধানমন্ত্রী
বাবা গুম হয়েছেন, মা সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন—এমন চরম দুর্ভাগ্যের মধ্যেও এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে রামীমুল ইসলাম রিফাদ। তার জন্য পড়ার বই ও টেস্ট পেপার পাঠিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রিফাদের বড় ভাই রিমনের হাতে প্রয়োজনীয় বইগুলো পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন।
রিফাদের বাবা মফিজুল ইসলাম রাশেদ ঢাকার দারুসসালাম থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। ২০১৩ সালের ৪ এপ্রিল তিনি গুমের শিকার হন। সেই থেকে বাবার ফেরার অনিশ্চিত প্রতীক্ষায় দিন কাটছিল ছোট্ট রিফাদের। এরপর স্বামীর বিচার তলব করতে গিয়ে ২০২১ সালের নভেম্বরে মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান মা রুমা বেগম। মা চলে যাওয়ার পর সাভারের হেমায়েতপুরে পরিবারের একমাত্র বসতভিটাটিও দখল করে নেয় চাচা।
একদিনের ব্যবধানে বাবা-মা দুজনকেই হারিয়ে এখন চাঁদপুরে খালার সংসারে বেড়ে উঠছে রিফাদ। বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের এই শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। পরীক্ষার প্রস্তুতির জন্য বই ও টেস্ট পেপারের প্রয়োজন ছিল, বিষয়টি ভাই রিমনের মাধ্যমে জানতে পারেন প্রধানমন্ত্রী। সঙ্গে সঙ্গে তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
বই হস্তান্তরের সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, কৃষি প্রশিক্ষণ ইনিস্টিটিউট ছাত্রদলের সভাপতি আব্দুল জলিল, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম ও ইয়াসির আরাফাত মিরাজ। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, গুমের শিকার পরিবারগুলোর সন্তানদের শিক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সাধ্যমতো কাজ করে যাচ্ছে।

