শাহজালাল বিমানবন্দরে তল্লাশিতে ৭৪ ভরি সোনা জব্দ, গ্রেফতার তিনজন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে প্রায় ৭৪ ভরি ওজনের চোরাচালানি সোনা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বাজেয়াপ্ত হওয়া এই সোনার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬০ টাকা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিমানবন্দর (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির এসব তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন মো. নাসির মোল্লা (৪০), সোহাগ শেখ (২৪) ও মো. হাছান মিয়া (২৩)।
তিনি জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে বিমানবন্দরের গোলচত্বরসংলগ্ন উত্তর পাশের ফুটপাতে ওই তিনজনকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি অনুভব করে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটকান। এরপর শরীর তল্লাশি চালিয়ে ২১ ও ২২ ক্যারেটের মোট ৮৬১ দশমিক ৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতপরিচয় যাত্রীদের মাধ্যমে এই স্বর্ণ চোরাচালানের উদ্দেশ্যে বাংলাদেশে আনা হয়েছিল। দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দর এলাকায় সোনা পাচারের নেটওয়ার্কে জড়িত বলেও জানিয়েছেন। ঘটনার পর বিমানবন্দর থানায় তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

