প্রবাসীর স্ত্রীর সঙ্গে এসআইয়ের অবৈধ সম্পর্কের অভিযোগ, দুজনই কারাগারে
সৌদি প্রবাসীর স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ উঠেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক উপপরিদর্শকের বিরুদ্ধে। নগরীর বিশ্ব কলোনির একটি ফ্ল্যাট থেকে নারীটির সঙ্গে ওই কর্মকর্তাকে আটকের পর পরকীয়া, অনৈতিক কর্মকাণ্ড, মারধর, চুরি ও হুমকির অভিযোগে করা মামলায় দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গ্রেফতারকৃতরা হলেন ডিএমপির ওয়ারী থানার উপপরিদর্শক মোহাম্মদ নুরুন্নবী মুন্না (৩৮) এবং ৩৯ বছর বয়সী এক নারী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ওই প্রবাসীর ছোট ভাই বাদী হয়ে চট্টগ্রামের আকবর শাহ থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পরই দুজনকে গ্রেফতার করা হয়।
এজাহারে বাদী অভিযোগ করেন, নারীটি তার বড় ভাইয়ের স্ত্রী। ২০১৮ সালের ২৯ মার্চ তার ভাই সৌদি আরবে পাড়ি জমান। সে সময় আকবর শাহ থানায় দায়িত্ব পালনকালে উপপরিদর্শক নুরুন্নবীর সঙ্গে ওই নারীর পরিচয় হয়। পরে পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে।
গ্রেফতারের পর বৃহস্পতিবার দুজনকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। তিনি জানান, নুরুন্নবী মুন্না বর্তমানে ডিএমপির ওয়ারী থানায় উপপরিদর্শক হিসেবে কর্মরত।

