চট্টগ্রামে আটতলা ভবনে রাতের অভিযান: চার দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
চট্টগ্রাম নগরীর খুলশী-জালালাবাদ এলাকার একটি আটতলা ভবনে বড় অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই অভিযানে চারটি দেশের ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন মিলিয়ে ৭০টি ইলেকট্রনিক যন্ত্রপাতি জব্দ করা হয়।
কাউন্টার টেররিজম ইউনিট ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল ভবনটি ঘিরে রেখে অভিযান চালায়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ ফয়সাল আহম্মেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ভবনে বিপুলসংখ্যক বিদেশির অবস্থান এবং সন্দেহজনক তৎপরতার খবরের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়।
আটক ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। কমিশনার মোহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, এরা কী উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন, ওই ভবনে কেন অবস্থান করছিলেন এবং সেখানে কোন ধরনের কার্যক্রম চালাচ্ছিলেন—এসব বিষয়ে জোর যাচাই-বাছাই চলছে।
পাশাপাশি আটক বিদেশিদের বৈধ কাগজপত্র ও ভিসার ধরন পরীক্ষা করা হচ্ছে এবং তারা কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত, তারও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পন্ন হলে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

