পিলখানায় বরখাস্ত বিডিআর সদস্যদের চাকরিতে ফেরার সুযোগ নেই

প্রাইম বার্তা অনলাইন
১০ সেপ্টেম্বর ২০২৬ ৮:৫৪ পিএম
পিলখানায় বরখাস্ত বিডিআর সদস্যদের চাকরিতে ফেরার সুযোগ নেই

পিলখানা হত্যাকাণ্ডের পর শাস্তি পাওয়া বিডিআর সদস্যদের আর চাকরিতে ফেরানো হবে না বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর ব্যাখ্যা, এই ঘটনায় কোনো নিরাপরাধ সদস্যকেই শাস্তি দেওয়া হয়নি, তাই বরখাস্তদের পুনর্বহালের প্রশ্নই ওঠে না।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদে গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওয়ারেছের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। তিনি জানান, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ ও নৃশংস হত্যাকাণ্ডের পর তৎকালীন বিডিআরের আইন-বিধি অনুযায়ী গঠিত বিভাগীয় স্পেশাল কোর্ট এবং প্রশাসনিক বিচার ব্যবস্থায় দোষী সদস্যদের চিহ্নিত করা হয়। প্রতিটি ইউনিট কর্তৃক গঠিত তদন্ত পর্ষদের প্রতিবেদনের ভিত্তিতেই এই প্রক্রিয়া সম্পন্ন হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর মতে, এই বিচারপ্রক্রিয়ায় ৬ হাজার ২৮৬ জন সদস্যকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডসহ চাকরি থেকে বরখাস্ত করা হয়। এ ছাড়া প্রশাসনিক বিচারের মাধ্যমে ২ হাজার ৫১০ জনকে পেনশন সুবিধাসহ চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। অর্থাৎ মোট ৮ হাজার ৭৯৬ জন সদস্য চাকরিচ্যুত হন। তিনি দৃঢ়ভাবে বলেন, সব শাস্তি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সাক্ষ্য-প্রমাণ যাচাই করে দোষী সাব্যস্ত হওয়ার পরেই দেওয়া হয়েছে।

এ ছাড়া জানানো হয়, হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে চাকরিচ্যুতদের মধ্যে ৮৫০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং ৮৩৪ জনের বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলা দায়ের করা হয়েছে। এদিকে জামায়াতের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেনের লিখিত অন্য এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, সমগ্র ঢাকা শহরকে সিসিটিভি নজরদারির আওতায় আনার প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্গঠন করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...