চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপ: ৩৬ খাল রক্ষণাবেক্ষণে প্রকল্প

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ৫:৩৮ পিএম
চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে বড় পদক্ষেপ: ৩৬ খাল রক্ষণাবেক্ষণে প্রকল্প

বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা মোকাবিলায় নেওয়া বারইপাড়া খাল খনন প্রকল্পের সব কাজ সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নগরীর খাল-ড্রেন পরিষ্কারের পাশাপাশি সড়ক ও অবকাঠামো উন্নয়নের নানা কর্মসূচিও এগিয়ে চলছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের লিখিত প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। বেলা সাড়ে ৩টায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে প্রথমেই লিখিত প্রশ্নগুলোর জবাব দেওয়া হয়।

প্রধানমন্ত্রী জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় নগরের ২৫টি খাল থেকে মাটি ও আবর্জনা উত্তোলনের কাজ চলছে। একই সঙ্গে এক হাজার ৬০০ কিলোমিটার সার্ভিস ড্রেনে জমে থাকা কাদা ও ময়লা অপসারণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা আগামী বর্ষা মৌসুমের আগেই সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এর বাইরে নগরীর আরও ৩২টি খাল থেকে মাটি ও আবর্জনা উত্তোলন এবং অপসারণের উদ্যোগও চলমান রয়েছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের অধীনে ৩৬টি খাল রক্ষণাবেক্ষণের জন্য ডিপিপি তৈরির কাজ এগিয়ে চলছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ ছাড়া প্রকল্পের সীমার বাইরে আরও ২১টি খাল খনন ও সংস্কারের জন্য ডিপিপি প্রস্তুতের কার্যক্রম শুরু হয়েছে।

নগরের অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে তারেক রহমান বলেন, এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়ক উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৮ কিলোমিটার রাস্তা নির্মাণের পাশাপাশি দুটি কালভার্ট ও ছয়টি ফুটওভার ব্রিজ নির্মিত হয়েছে। খাল খনন ও রক্ষণাবেক্ষণের প্রকল্পগুলো সম্পন্ন হলে বর্ষায় চট্টগ্রামবাসীর জলাবদ্ধতাজনিত ভোগান্তি কমবে বলে আশা করা যাচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...