রাজধানীতে ডিএমপির ব্যাপক অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০
রাজধানীর একাধিক থানা এলাকায় ব্যাপক তল্লাশি ও অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সময়ে আটককৃতদের বিরুদ্ধে ৪০টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
বিভাগভিত্তিক হিসাব তুলে ধরে ওই কর্মকর্তা জানান, সর্বোচ্চ ১৪৩ জন গ্রেফতার করেছে মিরপুর বিভাগ। এরপর তেজগাঁও বিভাগে ১১৪ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, লালবাগ ও উত্তরা বিভাগে ৪২ জন করে, গুলশান বিভাগে ৩৯ জন, রমনা বিভাগে ৩৬ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জনকে আটক করা হয়।
অভিযানে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ নানা আলামত জব্দ হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে ২টি চাইনিজ কুড়াল, ২টি সুইচ গিয়ার, ১টি চাকু, ১টি ছুরি ও ৬টি ককটেল। এ ছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩ পিস ইয়াবা এবং ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২টি প্রাইভেটকার, ১টি অটোরিকশা, ৭টি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড ও ৪টি ইলেকট্রনিকস চিপ জব্দ করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

