ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বায়তুল মোকাররমে শুরু হচ্ছে ইসলামি বইমেলা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপনকে ঘিরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব ও দক্ষিণ চত্বরে শুক্রবার (১১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে মাসব্যাপী ইসলামি বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে ওই দিন সকাল ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
এবারের আয়োজনে দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থাগুলোর পাশাপাশি বিদেশি প্রতিষ্ঠান ও ইসলামি বইয়ের প্রকাশকরাও যোগ দিচ্ছেন; সব মিলিয়ে অংশ নিচ্ছে ২০৬টি প্রতিষ্ঠান। বুধবার (৯ সেপ্টেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম এসব তথ্য নিশ্চিত করেছেন।
মেলায় পবিত্র কোরআন, হাদিস, সিরাত, ইসলামি দর্শন, ইতিহাস ও গবেষণাধর্মী গ্রন্থের পাশাপাশি ধর্মীয় সাহিত্যের বিস্তৃত সমাহার থাকবে। এছাড়া শিশু-কিশোরদের উপযোগী নানা ইসলামি বই পাওয়া যাবে, যা ছোট পাঠকদের ধর্মীয় শিক্ষার প্রতি আগ্রহ জাগাবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা।
মাসব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য সাধারণ মানুষের মধ্যে ইসলামি জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের প্রসার ঘটানো। বিশেষত নতুন প্রজন্মের মাঝে পবিত্র কোরআন, হাদিস ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ এবং ইসলামের শান্তি, সাম্য, মানবিকতা ও কল্যাণের বার্তা ছড়িয়ে দিতে মেলাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। দেশ-বিদেশের প্রকাশকদের ব্যাপক অংশগ্রহণ ও বিপুল সংখ্যক ইসলামি গ্রন্থের সমাহার থাকায় মেলায় দর্শনার্থীদের বিরাট সমাগম হবে বলে আশা করছে ইসলামিক ফাউন্ডেশন। মেলা সুন্দরভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবপক্ষের সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।

