জাল স্বাক্ষরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার লোপাট, গ্রেপ্তার ২

প্রাইম বার্তা অনলাইন
০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৮ পিএম
জাল স্বাক্ষরে ৩ কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার লোপাট, গ্রেপ্তার ২

চট্টগ্রাম বন্দর থেকে তিন কোটি টাকা মূল্যের আমদানি করা কাপড়ের রোলে ভরা একটি কনটেইনার রহস্যজনকভাবে লোপাটের ঘটনায় বন্দর থানায় অবশেষে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই জেটি সরকারকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন মো. মোর্শেদ আলম (৩১) ও মো. সাইদুর রহমান (৫১)।

বন্দরের পরিবহন পরিদর্শক সাইফুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে মামলাটি রেকর্ড করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, আমদানিকারককে না জানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে কাপড়ে ভরা কনটেইনারটি বন্দর থেকে খালাস করে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, ১১ আগস্ট কনটেইনারটি বন্দরের বাইরে নেওয়া হয়। আটক মোর্শেদ আলম চট্টগ্রামের পটিয়া থানার জিরি ইউনিয়নের উত্তর কৈয়গ্রাম গ্রামের আলতাফ আলী মৌলভী বাড়ির মো. রফিকের ছেলে। আর সাইদুর রহমান পিরোজপুরের নাজিরপুর থানার মাটিভাঙ্গা ইউনিয়নের পূর্ব বানিয়ারি গ্রামের মো. সুলতান আহম্মেদের সন্তান। দুজনেই চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত প্যারামাউন্ড ট্রেড ইন্টারন্যাশনাল নামের সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানে জেটি সরকার হিসেবে নিয়োজিত ছিলেন।

এ ঘটনার প্রেক্ষাপট হলো, সাভারের কালিয়াকৈরের রপ্তানিমুখী পোশাক কারখানা গোল্ড স্টার গার্মেন্টস লিমিটেডের আমদানি করা ৬৬৮ বেল ফেব্রিক্সে ভরা ৪০ ফুটের এফসিএল কনটেইনার (কনটেইনার নং- এমআরএসইউ-৮৬৯২৮২৭) বন্দরের ভেতর থেকেই হারিয়ে যায়। মামলার এজাহার অনুযায়ী, গত ৩০ আগস্ট এসআরআস এসওয়াইএনডি সিঅ্যান্ডএফ এজেন্ট লিমিটেড নামের প্রতিষ্ঠান কনটেইনারটি ছাড়তে অনুমতি নেয়। পরে সিসিটি ইয়ার্ডে গিয়ে দেখা যায়, সেখানে কনটেইনারটি নেই। ইয়ার্ড পরিচালনাকারী অপারেটর সাইফ পাওয়ারটেক জানায়, ১১ আগস্টই কনটেইনারটি ডেলিভারির জন্য সিস্টেমে তালিকাভুক্ত করা হয়েছিল। তদন্তে দেখা যায়, কনটেইনারটি গাড়িতে তোলার আগে কাগজপত্রে পরিবহন পরিদর্শক মো. এস্কান্দর ফারুকের যে স্বাক্ষর দেওয়া হয় তা ভুয়া ছিল। এছাড়া বন্দরের উচ্চ বহিঃসহকারী নেয়ামূল হক সরকারের আইডি (১৪৫৩২) ব্যবহার করে ১১ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে সিস্টেমে কনটেইনারটির তথ্য ইনপুট করা হয়।

বন্দর থানার ওসি আবদুর রহিম বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করে জানান, কনটেইনার চুরির ঘটনায় বন্দর কর্তৃপক্ষ মামলা দিয়েছে। মামলায় জড়িত গ্রেপ্তার দুজনকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। আদালতের অনুমতি পেলে রিমান্ডে নিয়ে ঘটনার গোড়া উদ্ধারে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...