৪৭ প্রতিষ্ঠানের লড়াইয়ে পটিয়ার গ্রীষ্মকালীন ক্রীড়ায় চ্যাম্পিয়ন কারা

প্রাইম বার্তা অনলাইন
০৮ সেপ্টেম্বর ২০২৬ ১২:১৯ পিএম
৪৭ প্রতিষ্ঠানের লড়াইয়ে পটিয়ার গ্রীষ্মকালীন ক্রীড়ায় চ্যাম্পিয়ন কারা

চট্টগ্রামের পটিয়া উপজেলায় দুই দিন ধরে চলা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপ্তি হয়েছে। সাঁতার, হ্যান্ডবল, কাবাডি ও দাবা—এই চার বিভাগে নেমেছিল উপজেলার প্রায় ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির দায়িত্ব পালন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীপেন কান্তি দে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে। এ ছাড়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা ও হাইদগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল দে অনুষ্ঠানে ছিলেন।

প্রতিযোগিতায় হ্যান্ডবল ও দাবার বালক (সিনিয়র) বিভাগে শ্রেষ্ঠত্ব দেখিয়ে চ্যাম্পিয়ন হয় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়। হ্যান্ডবলের মহিলা বিভাগে সেরা হয়ে উঠে এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, আর দাবার বালক (জুনিয়র) বিভাগে শিরোপা জেতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়। কাবাডিতে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় ইউনিয়ন কৃষি স্কুল অ্যান্ড কলেজ এবং মহিলা বিভাগে আবদুর রহমান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে বক্তব্য রেখে প্রধান অতিথি ফারহানুর রহমান প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী ও আয়োজকদের অভিনন্দন জানান। তিনি বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চার মধ্য দিয়ে তাদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। আয়োজকদের আশা, এমন আয়োজন উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্রীড়াঙ্গনে নতুন প্রাণশক্তি জোগাবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...