খাদ্য নিরাপত্তায় ইতালির মিলানের সঙ্গে হাত মেলাচ্ছে খুলনা সিটি
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং খাবারের অপচয় ঠেকাতে ইতালির মিলান শহরের অংশীদার হতে যাচ্ছে খুলনা সিটি করপোরেশন। সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য বৈঠক করেন। সেখানেই এই যৌথ উদ্যোগের বিষয়টি চূড়ান্ত আকার পায়।
বৈঠক শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আলোচনায় মিলান সিটি কীভাবে বাংলাদেশের একটি সিটি করপোরেশনের সঙ্গে ফুড সিকিউরিটি ও খাদ্য অপচয় রোধে একসঙ্গে কাজ করতে পারে, সেই বিষয়ে বিস্তারিত কথা হয়। মিলান শহর ২০১৫ সাল থেকে খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করছে এবং খাবার যেন নষ্ট না হয়, সেজন্য তারা দীর্ঘদিন ধরে সচেষ্ট।
কেন খুলনাকে বাছাই করা হলো, সে প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, ইতালির পক্ষ থেকে বাংলাদেশের একটি শহর নির্বাচন করতে বলা হলে মিলানের সঙ্গে সাদৃশ্য বিবেচনায় খুলনা সিটি করপোরেশনকে বেছে নেওয়া হয়। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে খাদ্য নিরাপত্তা বিষয়ে দেশের শহরগুলোর অভিজ্ঞতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে মনে করছেন তিনি।
এছাড়া দেশের স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া এবং এ খাতে যৌথভাবে কাজ করার আগ্রহের কথাও জানান ইতালির রাষ্ট্রদূত। মীর শাহে আলম জানান, সেই লক্ষ্যে সিটি করপোরেশনের মেয়র ও কিছু স্থপতিকে ইতালি সরকারিভাবে আমন্ত্রণ জানিয়েছে। ভবিষ্যতে এ সহযোগিতা নগর উন্নয়ন ও খাদ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত খুলতে পারে বলে আশা প্রকাশ করা হয়েছে।

