চট্টগ্রাম বন্দরের ভেতরেই গায়েব তিন কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫৩ পিএম
চট্টগ্রাম বন্দরের ভেতরেই গায়েব তিন কোটি টাকার কাপড়ভর্তি কনটেইনার

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তর থেকে হারিয়ে গেছে প্রায় তিন কোটি টাকার কাপড়ের রোলভর্তি একটি কনটেইনার। সোমবার (৭ সেপ্টেম্বর) বিষয়টি জানাজানি হওয়ার পর বন্দরজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। কাস্টমস ও বন্দরের সব চার্জ পরিশোধ করার পরও ডেলিভারি না পাওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক সিএন্ডএফ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

গত ২ সেপ্টেম্বর বন্দর চেয়ারম্যান বরাবরে করা সিএন্ডএফ প্রতিষ্ঠান এস আর এস সিন্ডিকেটের স্বত্ত্বাধীকারী মো. হাফিজুর রহমানের অভিযোগে বলা হয়, ৩০ আগস্ট কনটেইনার ডেলিভারি নিতে গিয়ে বন্দর কর্তৃপক্ষ গোল্ড স্টার গার্মেন্টসের আমদানি করা কাপড়ের রোলভর্তি কনটেইনারটি কিপডাউন দিতে পারেনি। এরপর টানা কয়েক দিন খোঁজাখুঁজি করেও কনটেইনারটির সন্ধান না মেলায় বন্দর প্রধানের কাছে লিখিতভাবে নালিশ জানানো হয়।

মো. হাফিজুর রহমান সোমবার সকালে বলেন, “কাস্টমস ও বন্দরের যাবতীয় চার্জ পরিশোধ করে ডেলিভারি নিতে গিয়ে কনটেইনারটি পাওয়া যায়নি। এখন পর্যন্ত এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেছে। কনটেইনারে থাকা কাপড়ের রোলগুলো ছিল শতভাগ রপ্তানিমুখী, যার মূল্য প্রায় তিন কোটি টাকা। নির্ধারিত সময়ে কাপড় না পাওয়ায় আমাদের গ্রাহক গোল্ড স্টার গার্মেন্টসও চরম বিপাকে পড়েছে। রপ্তানি পণ্য বায়ারের কাছে সময়মতো পৌঁছাতে না পারার আশঙ্কা তৈরি হয়েছে।”

তিনি জানান, অভিযোগের পর বন্দর কর্তৃপক্ষ একটি কমিটি গঠন করে তদন্ত চালাচ্ছে বলে শোনা গেলেও এ পর্যন্ত কনটেইনারটির কোনো হদিস মেলেনি। এ বিষয়ে জানতে বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। পরে ক্ষুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ঘটনায় বন্দরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা ও নিরাপত্তানিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত কমিটির মাধ্যমে কনটেইনার নিখোঁজের আসল কারণ বেরিয়ে আসবে কি না, সেদিকেই নজর রাখছে সংশ্লিষ্ট আমদানিকারক ও বন্দরবিষয়ক ব্যবসায়ীরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...