সংসদে তালাক নিয়ে নিজের বউয়ের উদাহরণ দিলেন আইনমন্ত্রী, পাস সম্পত্তি বিল

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ৭:৫০ এএম
সংসদে তালাক নিয়ে নিজের বউয়ের উদাহরণ দিলেন আইনমন্ত্রী, পাস সম্পত্তি বিল

জাতীয় সংসদে পাস হয়েছে ‘দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল’। রোববার (৬ সেপ্টেম্বর) সংসদ অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বিল উত্থাপনকালে তার বক্তৃতার এক পর্যায়ে নিজের সংসারের উদাহরণ টেনে তালাক সংক্রান্ত আইনের ব্যাখ্যা দেন তিনি, যা অধিবেশনে আলোচনার জন্ম দেয়।

সে সময় আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুসারে আমি তিন তালাক বললে পরে তালাক হয়ে যাবে।’ স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অধিবেশনে তিনি এসব কথা বলেন।

অনুমোদিত বিল অনুযায়ী, বাবা-মা সন্তানের নামে সম্পত্তি হস্তান্তর করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ করার অধিকার তাদের থেকে যাবে। ১৮৮২ সালের আইনের সংশোধনী নিয়ে আসা এই বিলটি সংসদে কণ্ঠভোটে গৃহীত হয়। তবে ভোটাভুটির আগেই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। অন্যদিকে বাবা-মার অধিকার সুরক্ষার স্বীকৃতি হিসেবে বিলটিকে সরকারি দল সাধুবাদ জানায়।

তালাকের আইনি প্রক্রিয়া পরিষ্কার করতে গিয়ে মন্ত্রী আরও বলেন, ‘মাননীয় স্পিকার, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের যেখানে বলেছে—আমি তালাক দিতে গেলে আমাকে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হবে। আরবিট্রেশন কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডাকবেন। দুই পক্ষকে ডেকে নিয়ে তারপরে রিকনসিলিয়েট করার চেষ্টা করবেন। তা-ও যদি না হয়, তারপরে তালাক কার্যকর হবে আফটার ৯০ ডেজ।’ বিল কার্যকর হলে সন্তানকে সম্পত্তি দিলেও বাবা-মার ভোগদখল নিশ্চিত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...