শ্রমিকদের অধিকারের প্রত্যয়ে বিলসে নতুন নেতৃত্ব, দায়িত্বে মজিবুর-নজরুল
দেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করা বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজে (বিলস) নতুন নেতৃত্ব এসেছে। সংগঠনটির চেয়ারম্যান হলেন মো. মজিবুর রহমান ভূঞাঁ, আর মহাসচিবের দায়িত্ব পেলেন নজরুল ইসলাম খান। রোববার (৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কমিটির এই তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিলসের ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভা আয়োজিত হয়। ‘মর্যাদা, অধিকার, ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাবার প্রত্যয়’ স্লোগানকে সামনে রেখে ওই সভাতেই সংগঠনের পূর্ণাঙ্গ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নতুন কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, আনোয়ার হোসাইন ও আমিরুল হক আমিন। যুগ্ম মহাসচিব হলেন সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ, সাকিল আখতার চৌধুরী এবং আবুল কালাম আজাদ। অর্থ সম্পাদকের দায়িত্ব পেলেন মো. রফিকুল ইসলাম রফিক।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঞ্জুরুল ইসলাম, বাদল খান, এ এ এম ফয়েজ হোসেন, শামীম আরা, শহীদুল্লাহ বাদল ও নাছরিন আক্তার ডিনা। নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন এ বি এম সাজ্জাদ হোসেন, উম্মে হাসান ঝলমল, পুলক রঞ্জন ধর, নার্গিস জাহান, মো. নুরুল আমিন, রবিউল হক, এম আর মঞ্জু ও মো. মজিবর রহমান।
শ্রমিকদের মর্যাদা প্রতিষ্ঠা, ন্যায্য অধিকার ও হিস্যা নিশ্চিত করার অঙ্গীকার নিয়েই দায়িত্ব নিলেন নতুন এই নেতৃত্ব। শ্রমজীবী মানুষের মৌলিক চাহিদা ও সামাজিক সুরক্ষার বিষয়গুলোতে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

