সম্পত্তি বিল পাসের দিন সংসদে ‘আমার একটা মাত্র বউ’ বললেন আইনমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ২:৩৪ এএম
সম্পত্তি বিল পাসের দিন সংসদে ‘আমার একটা মাত্র বউ’ বললেন আইনমন্ত্রী

জাতীয় সংসদে পাস হয়েছে দ্য ট্রান্সফার অব প্রপার্টি অ্যাক্ট সংশোধন বিল। রোববার (৬ সেপ্টেম্বর) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিলটি উত্থাপন করেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ইসলামি আইনে তালাকের প্রক্রিয়া ব্যাখ্যা করতে গিয়ে তিনি নিজের ব্যক্তিগত জীবনের উদাহরণ টেনে বলেন, ‘মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ। আমি যদি আজ তালাক দিতে চাই, ইসলামিক ল অনুসারে তিন তালাক বললেই তালাক হয়ে যাবে।’

সংশোধিত বিলমতে, বাবা-মা সন্তানের নামে সম্পত্তি হস্তান্তর করলেও আজীবন সেই সম্পত্তির ভোগদখল নিজেদের হাতে রাখতে পারবেন। ১৮৮২ সালে প্রণীত এই আইনের প্রেক্ষাপটে সংশোধনী বিলটি সংসদে কণ্ঠভোটে অনুমোদন লাভ করে।

তবে ভোটাভুটির আগেই সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সদস্যরা। অন্যদিকে বাবা-মার অধিকার সুরক্ষার পদক্ষেপ হিসেবে বিলটিকে সাধুবাদ জানিয়েছে সরকারি দলের সংসদ সদস্যরা।

তালাক সংক্রান্ত আইনি ধারা নিয়ে আইনমন্ত্রী বলেন, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ অনুযায়ী, তালাক দিতে চাইলে প্রথমে আরবিট্রেশন কাউন্সিলে নোটিশ দিতে হয়। কাউন্সিল ৯০ দিনের মধ্যে দুই পক্ষকে ডেকে সমঝোতার চেষ্টা করে। সেই চেষ্টা ব্যর্থ হলে ৯০ দিন পূর্ণ হওয়ার পর তালাক কার্যকর হয়।

বিলটি আইনে পরিণত হওয়ার পর সন্তানদের কাছে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে বয়স্ক বাবা-মার নিরাপত্তা আরও সুসংহত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...