ফেসবুকে আউটসোর্সিং নিয়ে মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত

প্রাইম বার্তা অনলাইন
০৭ সেপ্টেম্বর ২০২৬ ১:১৬ এএম
ফেসবুকে আউটসোর্সিং নিয়ে মন্তব্য, শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তা বরখাস্ত

সরকারের আউটসোর্সিং নীতিমালা নিয়ে ফেসবুকে সমালোচনামূলক ভিডিও পোস্ট করায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন এক কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বরখাস্ত হওয়া মাছুম বিল্লাহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

মন্ত্রণালয়ের সংস্থাপন-১ শাখা থেকে রোববার (৬ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা।

আদেশে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে বিদ্যমান আউটসোর্সিং নীতিমালার বিরুদ্ধে মন্তব্য করা তার অসদাচরণ হিসেবে বিবেচিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) ধারা অনুসারে এ ধরনের আচরণ অসদাচরণের সংজ্ঞার মধ্যে পড়ে। একই বিধিমালার ৩(খ) অনুযায়ী তাকে অভিযুক্ত করে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্তৃপক্ষ মনে করেছে, বিধিমালার ১২(১) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা প্রয়োজন ও যুক্তিসঙ্গত। এ প্রেক্ষিতে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা পাবেন। উপসচিব মোহাম্মদ মাসুমের সই করা আদেশে উল্লেখ রয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এটি অবিলম্বে কার্যকর হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...