ফেসবুকে কবিরাজি চিকিৎসার নামে স্বর্ণ প্রতারণা: গ্রেপ্তার ২ জন

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:৩৩ পিএম
ফেসবুকে কবিরাজি চিকিৎসার নামে স্বর্ণ প্রতারণা: গ্রেপ্তার ২ জন

ফেসবুক পেজে কবিরাজি চিকিৎসার প্রচার দেখিয়ে মানুষের বাড়ি থেকে স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটক হওয়ারা হলেন মোছাম্মৎ জিয়াসমিন আক্তার (২১) ও মো. আব্দুল্লাহ মিয়া (৬৬)। রোববার (৬ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

সিআইডি ঢাকা মেট্রো-পূর্ব ইউনিটের একটি অভিযানকারী দল গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানার ফকিরটিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানান এই কর্মকর্তা।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রটি ফেসবুক পেজে কবিরাজি চিকিৎসার বার্তা ছড়িয়ে ভুক্তভোগীর বাসায় গিয়ে ঝাড়-ফুঁক এবং নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে আস্থা তৈরি করত। এরপর চিকিৎসার অজুহাতে বাসার সব সোনার গহনা এক জায়গায় সাজাতে বলা হতো। পরে স্বর্ণালংকারগুলো রুমালে মুড়িয়ে পানিতে ডুবিয়ে রাখা এবং সেই পানি পুরো ফ্ল্যাটে ছিটিয়ে দেওয়ার মতো নানা কৌশল প্রয়োগ করা হতো। এর মধ্যেই ভুক্তভোগীর মনোযোগ অন্যদিকে সরানোর সুযোগে গহনা নিয়ে চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যেত।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জানান, এমন প্রতারণার শিকার হয়ে এক ভুক্তভোগী গত ২ সেপ্টেম্বর ডিএমপির শাহজাহানপুর থানায় মামলা করেন। পরে বিভিন্ন তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে প্রতারণার সঙ্গে জড়িত চক্রের সদস্যদের শনাক্ত করে সিআইডি। একই সঙ্গে প্রতারণার কাজে ব্যবহৃত ফেসবুক পেজ এবং এর সঙ্গে সংশ্লিষ্টদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

অনলাইনে ভুয়া চিকিৎসা সেবার প্রচারণার মাধ্যমে চলা এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...