নতুন কার্যালয়ে জিডিডিএসের প্রথম সভা, নেওয়া হলো বহুমুখী কর্মপরিকল্পনা
গ্লোবাল ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (জিডিডিএস) তার ইতিহাসে প্রথমবারের মতো সাধারণ সভার আয়োজন করেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় সংগঠনটির সদ্য চালু হওয়া নিজস্ব কার্যালয়ে এই সভা সম্পন্ন হয়।
সভার আনুষ্ঠানিকতা পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক মো. বশীর আহাম্মেদ হালদার, আর সভাপতিত্বের দায়িত্ব পালন করেন আব্দুর রহিম। অনুষ্ঠানে ফোরামের অন্তর্ভুক্ত প্রতিটি সদস্য সংস্থা নিজেদের কাজের অভিজ্ঞতা, পরামর্শ এবং সামনের দিনের কর্মসূচি তুলে ধরেন।
ফোরামের সভাপতি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর কামরুল আহসানের উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি চূড়ান্ত করা হয়।
সভায় অংশ নেন দেশের নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত মোট ৩০টি সংস্থার নির্বাহী প্রধানরা। আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে এনজিওদের বরাদ্দ প্রদানকারী বিভিন্ন অধিদপ্তর ও বিদেশি দাতা সংস্থার কাছে প্রকল্প প্রস্তাবনা জমা দেওয়ার বিষয়ে সব সদস্য সংস্থার সম্মতি আসে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এনজিও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে যোগাযোগ গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে, যা চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন করা হবে বলে জানানো হয়।

