সাবেক ডিআইজির স্বামীর ২ কোটি টাকার অবৈধ সম্পদের হিসাব চাইবে দুদক
সাবেক পুলিশ কর্মকর্তা আতিকা ইসলামের স্বামী ডা. ফারদিন ইসলাম সাগরের নামে আয়ের তুলনায় অতিরিক্ত ২ কোটি টাকার সম্পদের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। লাক্সিস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এই ব্যবসায়ীর সম্পদের সঠিক হিসাব ও উৎস যাচাইয়ের জন্য বিবরণী দাখিলের নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রোববার (৬ সেপ্টেম্বর) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেন।
অনুসন্ধান প্রতিবেদনের তথ্য বলছে, ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ করবর্ষ পর্যন্ত সাগরের মোট আয় ছিল ১ কোটি ১৬ লাখ ১৯৮ টাকা। একই সময়ে পরিবারের ভরণপোষণসহ বিভিন্ন খাতে তার খরচ হয়েছে ৫২ লাখ ১৫ হাজার ৮৮৯ টাকা। সব ব্যয় বাদ দিলে তার নিট সঞ্চয় থাকার কথা ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা। কিন্তু অনুসন্ধানে তার নামে ২ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকার অস্থাবর সম্পদের হদিশ মেলে, যা তার বৈধ আয়ের হিসাবের সঙ্গে মেলে না।
দুদকের হিসাব অনুযায়ী, পাওয়া সম্পদ থেকে বৈধ সঞ্চয়ের ৬৩ লাখ ৮৪ হাজার ৩০৯ টাকা বাদ দিলে সাগরের কাছে অতিরিক্ত থাকে ২ কোটি টাকা। এই অঙ্ককেই সংস্থাটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া তার নিজের নামে ও বেনামে আরও স্থাবর-অস্থাবর সম্পদ থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। তাই তার প্রকৃত সম্পদের পরিমাণ ও উৎস যাচাই জরুরি বলে মনে করছে কমিশন।
অনুসন্ধানকারী কর্মকর্তার সুপারিশের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী ডা. ফারদিন ইসলাম সাগরকে সম্পদের বিস্তারিত বিবরণী জমা দেওয়ার আদেশ জারির প্রক্রিয়া চূড়ান্ত করেছে দুদক। এই নোটিশের পর ব্যবসায়ী সাগরের সম্পদের প্রকৃত চিত্র সামনে আসবে বলে প্রত্যাশা করছে সংস্থাটি।

