রোহিঙ্গা ক্যাম্পে বাড়ছে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা: নিরাপত্তায় হুমকি
রোহিঙ্গা শিবিরগুলোতে ক্রমাগত বেড়ে চলা সশস্ত্র গোষ্ঠীর কর্মকাণ্ডসহ নানা অপরাধের কারণে বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা গুরুতর ঝুঁকিতে পড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক মীমাংসার জন্য বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জোরালো সহযোগিতার আহ্বান জানান তিনি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপনসিবিলিটিজ’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) এ আলোচনাসভার আয়োজন করে। স্বরাষ্ট্রমন্ত্রীর আশঙ্কা, বৈশ্বিক নানা রাজনৈতিক সংঘাতের তোলপাড়ে রোহিঙ্গা ইস্যুটি চাপা পড়ে যেতে পারে। তাই জাতিসংঘের আন্তর্জাতিক অগ্রাধিকারের তালিকায় এই সংকট যেন সবসময় সক্রিয় থাকে সেদিকেও গুরুত্ব দিতে হবে বলে তিনি মনে করেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত প্রচেষ্টা ও কার্যকর কূটনীতির মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের দ্রুত, নিরাপদ ও মর্যাদার সঙ্গে স্বদেশ মিয়ানমারে ফিরিয়ে নেওয়া নিশ্চিত করতে হবে বলে মন্ত্রীর অভিমত। তাঁর আকাঙ্ক্ষা, বিশ্ব রাজনীতির প্রভাবশালী দেশগুলো ও জাতিসংঘের সরাসরি সহায়তায় এই সংকটের স্থায়ী সমাধান সম্ভব। এছাড়া আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) থেকে শুরু করে সংশ্লিষ্ট সব পক্ষকে সংকট নিরসনে আরও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে বলে পরামর্শ দেন তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য একটাই, আশ্রিত প্রায় ১ দশমিক ৫ মিলিয়ন (ইউএনএইচসিআরের হিসাবে ১ দশমিক ২ মিলিয়ন) বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে যেন পূর্ণ মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে পারি। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তা ও নেতৃস্থানীয় দেশগুলোর রাজনৈতিক ভূমিকা অত্যন্ত জরুরি।’

