মানবসম্পদে রূপান্তরে নারী-পুরুষের সমান ভূমিকার আহ্বান স্পিকারের
জনসংখ্যাকে কার্যকর মানবসম্পদে পরিণত করাই বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জনমিতিক লভ্যাংশের সুযোগ কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। দেশের উন্নয়ন ধারায় নারী ও পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য মর্মে জোর দেন তিনি। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবার ঐকাংকে এগিয়ে আসার আহ্বান রাখেন স্পিকার।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের শপথকক্ষে এসপিসিপিডি প্রকল্পের অধীনে জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত জনসংখ্যা বোনাস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং আইসিপিডি প্রতিশ্রুতি বাস্তবায়নে সংসদের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি এবং জাতিসংঘের জনসংখ্যা উন্নয়ন বিষয়ক তহবিলের (ইউএনএফপিএ) বাংলাদেশ প্রতিনিধি ক্যাথেরিন ব্রিন ক্যামকং।
এসময় স্পিকার বলেন, দীর্ঘ পনেরো বছরের স্বৈরাচারী শাসনের অবসানের পর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে, যা অত্যন্ত প্রশংসার দাবিদার। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে জাতীয় সংসদ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
বাল্যবিয়ে প্রতিরোধ, জেন্ডারভিত্তিক সহিংসতা নিরসন, কিশোরী শিক্ষা ও নারীর প্রতি সহিংসতা ঠেকানোর ক্ষেত্রে বহু চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে এবং উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বেড়ে যাচ্ছে। এসব সমস্যা মোকাবিলায় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসতে হবে বলেও পরামর্শ দেন তিনি।

