কোমরে জমি বিক্রির টাকা দেখেই বাসে ইসমাইল হত্যার ছক, আটক ৩

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৩৯ পিএম
কোমরে জমি বিক্রির টাকা দেখেই বাসে ইসমাইল হত্যার ছক, আটক ৩

রাজধানীর বনানীর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেনের (৫০) লাশ উদ্ধারের ঘটনায় ‘রাজ ক্লাসিক’ বাসের চালক, সুপারভাইজার ও হেলপারকে আটক করেছে পুলিশ। অভিযোগ উঠেছে, বাসে ওঠার সময় ইসমাইলের কোমরে জমি বিক্রির টাকার বান্ডিল চোখে পড়ার পরই তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা আঁটা হয়।

রোববার (৬ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টুরোডে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন। তিনি বলেন, ভাড়া নেওয়ার সময় সুপারভাইজারের চোখে পড়ে টাকার বান্ডিল, এরপর চালকের সঙ্গে পরামর্শ করে টাকা হাতিয়ে নেওয়ার জন্য হত্যাকাণ্ডের ছক কষা হয়। আটক তিনজন হলেন- বাসচালক সোহেল রানা (৪১), সুপারভাইজার সাজু ওরফে লিমন (২৬) এবং চালকের সহকারী মো. মনির হোসেন (১৯)।

পুলিশের বর্ণনা অনুযায়ী, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বনানী থানাধীন স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় এয়ারপোর্টগামী এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর অচেনা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর আসে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে বনানী থানার পুলিশ। সুরতহালে দেখা যায়, নিহতের মুখ ও দুই হাতে স্কচটেপ পেঁচানো ছিল, গলায় রয়েছে কালো দাগ।

সুরতহাল শেষে মরদেহ পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আঙুলের ছাপ মিলিয়ে নিহতের পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা হয় ইসমাইল হোসেন নামে, যা পরে থানায় মৃতদেহের ছবি দেখে নিশ্চিত করেন পরিবারের সদস্যরাও। এ ঘটনার সঙ্গে আরও কারও সম্পৃক্ততা আছে কি না এবং হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা যায় কি না, সে লক্ষ্যে তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...