ঢাবিতে যাত্রীবেশে অজ্ঞান করে রিকশা ছিনতাই, ঘণ্টার পর ঘণ্টা পড়ে ছিলেন চালক

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ এএম
ঢাবিতে যাত্রীবেশে অজ্ঞান করে রিকশা ছিনতাই, ঘণ্টার পর ঘণ্টা পড়ে ছিলেন চালক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। শামসুন নাহার হলের বিপরীতে প্রাধ্যক্ষ ভবনের সামনে দীর্ঘ তিন-চার ঘণ্টা অচেতন অবস্থায় পড়ে ছিলেন এক রিকশাচালক। অভিযোগ উঠেছে, যাত্রী সাজে থাকা কয়েকজন ব্যক্তি তাঁর মুখে গ্যাসজাতীয় পদার্থ স্প্রে করে জ্ঞান হারিয়ে ফেলার পর তাঁর রিকশা নিয়ে চলে যায়।

ঘটনাটি প্রথম নজরে আসে শুক্রবার (৫ সেপ্টেম্বর) মুহসিন হলের সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ও লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন রবিনের। তিনি তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল টিমকে অবহিত করেন। খবর পেয়ে টিমের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এরপর রবিন ও প্রক্টরিয়াল টিমের পক্ষ থেকে শাহবাগ থানায় বিষয়টি জানানো হয়।

ভুক্তভোগী রিকশাচালকের নাম চানমিয়া খান (৪৬), তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের চরমুড়া থানার হাজরাপুর গ্রামে। তাঁর দেওয়া বিবরণ অনুযায়ী, দয়াগঞ্জ থেকে জিনজিরা যাওয়ার উদ্দেশ্যে তিনজন যাত্রীকে তিনি রিকশায় উঠান। ওই তিনজনের মধ্যে আমজাদ ও বিল্লু নামের দুজনকে তিনি আগে থেকে চিনতেন। পথিমধ্যে যাত্রীরা গন্তব্য বদলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যাওয়ার কথা বলেন। এরপর কোনো এক সময় তাঁরা তাঁর মুখের সামনে গ্যাসজাতীয় কিছু স্প্রে করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং সুযোগ নিয়ে তাঁর রিকশা নিয়ে চলে যায়।

পুলিশের আগমনের আগে সাজ্জাদ হোসাইন রবিন ভুক্তভোগীর মোবাইল ফোনে সংরক্ষিত পরিচিত ব্যক্তিদের নম্বরে যোগাযোগ করেন। এরপর নান্নু নামের এক ব্যক্তি রাসেল নামের আরেকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসেন। নান্নু নিজেকে চানমিয়ার শালা (স্ত্রীর ভাই) বলে পরিচয় দেন। শাহবাগ থানায় বিষয়টি জানানোর পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে। এ ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...