ইয়াবা-গাঁজাসহ ৩০৯ গ্রেফতার: চট্টগ্রামে মাদকবিরোধী বড় অভিযান

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ১:৫১ পিএম
ইয়াবা-গাঁজাসহ ৩০৯ গ্রেফতার: চট্টগ্রামে মাদকবিরোধী বড় অভিযান

মাদক দমনে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের বিশেষ অভিযানে মাত্র ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে আটক করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) থেকে রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। আটক ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, আটক ৩০৯ জনের মধ্যে ১০১ জন গ্রেফতারি পরোয়ানা ও ১৮ জন সাজা পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার হয়েছেন। নিয়মিত মামলায় আটক হয়েছেন ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন এবং ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন। এছাড়া মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার ৮৫ জনের মধ্যে ব্যবসায়ী ২৯ জন, বহনকারী একজন এবং সেবনকারী ৫৫ জন।

অভিযানে বাজেয়াপ্ত মাদকের তালিকায় রয়েছে ১৫ হাজার ৬৮৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা এবং ১০ বোতল হুইস্কি। এ ঘটনায় ২৩টি মাদক মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আদায় করা হয়েছে ১২ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সমাজকে মাদকমুক্ত রাখতে এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...