নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি ফখরুল

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৯:৪২ এএম
নিজ জেলা ঠাকুরগাঁওয়ে প্রথম সরকারি সফরে রাষ্ট্রপতি ফখরুল

দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো সরকারি সফরে ঘরের জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে জেলাটির উদ্দেশে রওনা দেবেন তিনি।

বেলা ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন রাষ্ট্রপতি। সেখান থেকে জেলা সার্কিট হাউজে যাওয়ার পর তাকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর শহরের সেনুয়াপাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন (চোখামিয়া) ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন তিনি।

কালীবাড়িতে অবস্থিত নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে তাকে সংবর্ধনা দেওয়া হবে। জেলার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের উপস্থিতির জন্য সেখানে ব্যাপক প্রস্তুতি চলছে। সংবর্ধনা শেষে নিজ বাসভবনে গণ্যমান্য ব্যক্তিত্ব, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তিনি। ওই বাসভবনেই রাত্রিযাপন করবেন রাষ্ট্রপতি।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর নিজ বাসভবনে দুপুরের খাবার ও বিশ্রাম সেরে যাবেন সার্কিট হাউজে। সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়বেন রাষ্ট্রপতি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...