মিরপুরে সিড সেন্টারের আড়ালে নকল সিগারেট মোড়ক তৈরির অবৈধ কারখানা

প্রাইম বার্তা অনলাইন
০৬ সেপ্টেম্বর ২০২৬ ৪:১২ এএম
মিরপুরে সিড সেন্টারের আড়ালে নকল সিগারেট মোড়ক তৈরির অবৈধ কারখানা

রাজধানীর মিরপুর-১ এলাকায় একটি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের নাম কাজে লাগিয়ে নকল সিগারেটের মোড়ক বানানোর চক্রের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। শনিবার (৫ সেপ্টেম্বর) গোড়ান চটবাড়ীতে অবস্থিত ‘কৃষিবিদ সিড লিমিটেড–সিড প্রসেসিং সেন্টারে’ অভিযান চালিয়ে এই অবৈধ কার্যক্রম হাতেনাতে ধরা পড়ে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

অভিযানে ব্রিটিশ আমেরিকান টোবাকোর জনপ্রিয় ব্র্যান্ড বেনসন অ্যান্ড হেজেস, ডার্বি ও স্টার ব্র্যান্ডের বিপুল সংখ্যক মোড়ক পাওয়া গেছে। কাস্টমস গোয়েন্দার একজন কর্মকর্তা জানান, ওই কেন্দ্রে কোনো ধরনের অনুমতি ছাড়াই নকল সিগারেটের প্যাকেজিং তৈরির কাজ চলছিল। দফতরের কাছে আগে থেকেই সেখানে ভুয়া সিগারেট তৈরির হোতারা কার্যক্রম চালানোর তথ্য ছিল বলেও তিনি উল্লেখ করেন।

তবে অভিযানের সময় উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ পর্যন্ত অবৈধ কার্যক্রমের কিছু আলামত সংগ্রহ করা গেছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।

নকল তামাক পণ্যের এই অবৈধ ব্যবসা সরকারের রাজস্ব আদায়ে বিরাট ক্ষতি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অভিযানের পর বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...