অস্ত্র ও ইয়াবাসহ দক্ষিণখানে কিশোর গ্যাংয়ের ৭ সদস্য আটক
রাজধানীর দক্ষিণখান এলাকায় চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত সাতজনকে দেশীয় অস্ত্র ও ইয়াবা নিয়ে আটক করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন— মো. হাসান (২১), মো. সায়েম (১৯), মোকলেছুর রহমান (২৫), রাহিম সিকদার (২২), গোলাম রহমান (৩০), মেহরাজ হাসান অন্তর (২০) ও শাকিল আহম্মেদ হৃদয় (২৫)।
ওসি ফইম উদ্দিন জানান, কিশোর গ্যাংয়ের দুই পক্ষের এলাকা দখলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া সংঘর্ষের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের নজরে আসে। এরপর থেকেই দক্ষিণখান অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ নজরদারি ও অভিযান জোরদার করা হয়।
এরই ধারাবাহিকতায় শনিবার থানা পুলিশ সাঁড়াশি অভিযানে দেশীয় অস্ত্রসহ চাঁদাবাজি ও গ্যাংয়ের সঙ্গে জড়িত পাঁচ সক্রিয় সদস্যকে আটক করে। পৃথক অভিযানে ১৬৩ পিস ইয়াবাসহ একই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত আরও দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীতে কিশোর গ্যাং ও মাদক কারবারি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

