গেম-সোশ্যাল মিডিয়ার আসক্তি নেশার মতোই ক্ষতিকর, সতর্ক করলেন আইজিপি
মোবাইলফোন, সামাজিক যোগাযোগমাধ্যম আর ইন্টারনেট গেমে অতিমাত্রায় আসক্ত হওয়া ঠিক নেশাজাতীয় দ্রব্যের মতোই ক্ষতিকর বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শনিবার (৫ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত এক মেধাবৃত্তি বিতরণী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
অনুষ্ঠানে ২০২৪ ও ২০২৫ সালের এসএসসি, এইচএসসি এবং সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি আহ্বান জানান, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে ভরা মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে।
তিনি বলেন, আজকের সম্মাননা কোনো সাধারণ পুরস্কার নয়; এটি তোমাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, ভবিষ্যতের প্রতি আমাদের বিশ্বাস এবং তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীক।
আইজিপি আরও বলেন, মেধা মানুষকে এগিয়ে নিয়ে যায়, তবে সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধই মানুষকে প্রকৃত অর্থে মহান করে তোলে। তাই শুধু ভালো শিক্ষার্থী হলেই চলবে না, ভালো মানুষও হতে হবে। জ্ঞানার্জনের পাশাপাশি বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।
শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে পুলিশ প্রধান বলেন, তোমাদের আজকের কৃতিত্বই যেন আগামী দিনের একটি সুন্দর, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি হয়ে উঠতে পারে।

