আইনের ফাঁকফোকরে ছাড়া পাচ্ছে মাদক ব্যবসায়ী-ছিনতাইকারীরা: আইজিপি
আইনের বিভিন্ন জটিলতা ও ফাঁকফোকরের কারণে মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের দীর্ঘ সময় আটকে রাখা সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তার ভাষায়, একাধিকবার আইনের আওতায় আনা হলেও এসব অপরাধী ছাড়া পেয়ে পুরোনো অপরাধেই ফিরে যাচ্ছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আইজিপি জানান, মাদকবিরোধী অভিযানে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতিটি মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী ইতোমধ্যে একাধিকবার আইনের মুখোমুখি হয়েছে। কিন্তু আইনের গঠনগত দুর্বলতার কারণে তাদের দীর্ঘদিন বন্দি রাখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের ভূমিকাও অপরিহার্য বলে মনে করেন তিনি।
দেশের পুলিশ-জনসংখ্যার অনুপাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজিপি জানান, প্রায় এক হাজার মানুষের বিপরীতে মাত্র একজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাই আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করতে হবে। তরুণ প্রজন্মের ওপর মাদকের বিধ্বংসী প্রভাব তুলে ধরে তিনি বলেন, ইয়াবাসহ নানা ধরনের মাদক এনার্জি ট্যাবলেট বা আকর্ষণীয় নাম দিয়ে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। একজন সন্তান মাদকাসক্ত হলে শুধু তার জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকে খেসারত দিতে হয়। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে তিনি জানান, মাদকের টাকা না দেওয়ায় এক সন্তান নিজের বাবাকে প্রহার করে আহত করেছে — এমন ঘটনাও তার চোখে পড়েছে।
জনবান্ধব ও জনগণমুখী পুলিশিংয়ের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, তাদের পুলিশিং হবে পিপল ওরিয়েন্টেড। তবে জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। পুলিশ কার্যকর ভূমিকা রাখতে না পারলে সমাজে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তা ইতোমধ্যে দেশ প্রত্যক্ষ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

