বিজ্ঞাপন

মেয়ের বিয়ের খরচের ৫ লাখ টাকা নিয়ে ঢাকায় বাবা, মৃত্যু ঘিরে রহস্য

প্রাইম বার্তা অনলাইন
০৫ সেপ্টেম্বর ২০২৬ ৭:১৯ পিএম
মেয়ের বিয়ের খরচের ৫ লাখ টাকা নিয়ে ঢাকায় বাবা, মৃত্যু ঘিরে রহস্য

জমি বিক্রির নগদ ৫ লাখ টাকা নিয়ে মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করতে জামালপুর থেকে রাজধানীতে এসেছিলেন মো. ইসমাইল হোসেন (৫০)। কিন্তু পরিণতি হলো ভয়াবহ—শুক্রবার (৪ সেপ্টেম্বর) বনানী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সঙ্গে থাকা টাকা ও দুটি মোবাইল ফোনের কোনো সন্ধান মেলেনি। নিহত ইসমাইল জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

নিহতের ছেলে হাসান জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বাবা জামালপুর থেকে যাত্রা শুরু করেন। শুক্রবার সকালে গাজীপুরের জিরানীতে পৌঁছানোর কথা ছিল তার। কিন্তু সকাল থেকেই বাবার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছিলেন হাসান। এরপর বনানী থানার পুলিশ জানায়, ওই এলাকা থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরনে কেবল শার্ট ও লুঙ্গি ছিল; নগদ ৫ লাখ টাকা, একটি অ্যান্ড্রয়েড ও একটি বাটন মোবাইল ফোন এবং বাজারের ব্যাগের কোনোটিই আর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

পরিবারের বরাত দিয়ে জানা যায়, ছোট মেয়ে শারমিনের বিয়ের কথাবার্তা চূড়ান্ত করতেই তিনি ঢাকায় আসেন। বিয়ের খরচ জোগাড়ের জন্য সম্প্রতি ১১ শতাংশ জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন ইসমাইল। দুই লাখ টাকা ঋণ পরিশোধ ও গ্রামে ঘর নির্মাণে খরচের পর হাতে থাকা ৫ লাখ টাকা নিয়েই তিনি ঢাকার পথে বের হন। একটি স্পিনিং মিলে সিকিউরিটি গার্ডের চাকরি করা ইসমাইল নয় মাস আগে অসুস্থতার কারণে কাজ ছাড়েন। এরপর পাঁচ মাস পরিবারের সঙ্গে গাজীপুরের কাশিমপুরে ছিলেন এবং চার মাস আগে জামালপুরের গ্রামের বাড়ি ফিরে যান।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার বলেন, উদ্ধার করা মরদেহ আইনি কাজ শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকাণ্ড, নাকি মলম পার্টি বা অজ্ঞান পার্টির কাজ—তা খতিয়ে দেখা হচ্ছে। খোয়া যাওয়া টাকা ও মোবাইল ফোন উদ্ধারে পুলিশের তদন্ত চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...